অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) ইইউ অঞ্চলে বাংলাদেশের রপ্তানি আয় ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর্থিক হিসেবে এই ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো। মূলত ইউরোপীয় বাজারে অর্ডারের ঘাটতির চেয়ে পোশাকের উপযুক্ত দাম না পাওয়াই এই বড় ধসের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান কী বলছে? প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৬০ দশমিক ২৯ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করা হয়েছে। এটি ২০২৫ সালের একই সময়ের (৬২ দশমিক ৬৯ বিলিয়ন ইউরো) তুলনায় ৩ দশমিক ৮৩ শতাংশ কম। এ সময়ে ইইউতে মোট আমদানি করা পোশাকের ওজন কমেছে ২ দশমিক ৫৭ শতাংশ এবং প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১ দশমিক ২৯ শতাংশ কমে ১৯ দশমিক ৬৫ ইউরো হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে, এই আট মাসে রপ্তানি পণ্যের পরিমাণ (ওজন) কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। তবে পরিমাণ কমার চেয়েও বড় প্রভাব ফেলেছে পণ্যের একক মূল্য (ইউনিয়ন ভ্যালু) হ্রাস পাওয়া। প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য ১৪ দশমিক ৮৭ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৭৬ ইউরোতে নেমে এসেছে। এতে স্পষ্ট যে, কেবল কম পরিমাণ রপ্তানি নয়, বরং পণ্যের সঠিক মূল্য না পাওয়া বাংলাদেশ থেকে রপ্তানি আয় কমার অন্যতম প্রধান অনুঘটক।
তবে আগস্ট মাসের চিত্র ছিল কিছুটা ব্যতিক্রমী। ২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এই মাসে আমদানির পরিমাণ সামান্য কমলেও গড় মূল্য ১ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক মূল্যে কিছুটা প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চিত্র ইইউর প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে কেবল চীনই তাদের রপ্তানির মূল্য ও পরিমাণ—দুটিই বাড়াতে পেরেছে। ২০২৬ সালের প্রথম আট মাসে ইইউতে চীনের পোশাক রপ্তানি ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
অন্যদিকে ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ৫ দশমিক ১৩ শতাংশ কমলেও, প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১০ দশমিক ১১ শতাংশ বেড়ে যাওয়ায় তাদের মোট রপ্তানি মূল্য ৪ দশমিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। কম্বোডিয়ার ক্ষেত্রেও দেখা গেছে রপ্তানির পরিমাণ ১১ দশমিক ৬৩ শতাংশ কমলেও পণ্যের দর ৮ দশমিক শূন্য ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অসম প্রতিযোগিতা রোধে সুনির্দিষ্ট কৌশলের দাবি ইইউর বাজারে পোশাকের এই অস্বাভাবিক দরপতন ও ক্ষতি কাটিয়ে উঠতে দেশের পোশাক খাতের নীতিমালায় পরিবর্তনের জোর তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “আন্তর্জাতিক বাজারে রপ্তানি ধরে রাখা এবং কম দামে পোশাক বিক্রির প্রবণতা বন্ধে একটি সুনির্দিষ্ট কৌশল তৈরি করা এখন সময়ের দাবি। উদ্যোক্তারা যখন ইউডি (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন) গ্রহণের জন্য আবেদন করবেন, তখন কনজাম্পশনের পাশাপাশি পণ্যের উৎপাদনে কত খরচ হচ্ছে—তার বিবরণ জমা দেওয়া বাধ্যতামূলক করা যেতে পারে। শিট পর্যালোচনা করে যদি দেখা যায় কোনো প্রতিষ্ঠান অস্বাভাবিক কম দামে অর্ডার গ্রহণ করেছে, তবে তাদের ইউডি অনুমোদন দেওয়া হবে না।”
তিনি মনে করেন, এই পদক্ষেপ নেওয়া হলে দেশি উদ্যোক্তাদের মধ্যে তৈরি হওয়া অসম প্রতিযোগিতা বন্ধ হবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সঠিক মূল্য আদায় করা অনেক সহজ হবে।
(সূত্র: ইউরোস্ট্যাট ও বাংলাদেশ প্রতিদিন)

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত