নওগাঁর বদলগাছী উপজেলার সন্তান আবু নাছের মুহা. নাফিউয়ের নেতৃত্বে জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘জেডএআই বিডি’। বিশ্বের ৩৭টি দেশের কয়েক শ দলকে পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এতে গর্বিত বদলগাছীবাসী।
গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের দলকে বিজয়ী ঘোষণা করা হয়। দলটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘ক্লজচেইন’ বিভিন্ন দেশের আইন ও বিধিমালা বিশ্লেষণের পাশাপাশি তথ্যের নির্ভুলতা যাচাই করতে পারে।
দলনেতা নাফিউ বদলগাছী সদর মাস্টারপাড়া এলাকার শিক্ষক আবুল হোসেনের ছেলে। তিনি বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ২০১০ সালের ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী হিসেবে কর্মরত।
পাঁচ মাস ধরে কয়েক ধাপের বাছাই শেষে বাংলাদেশসহ ছয়টি দেশের দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। ফাইনালে বিচারকেরা নিজেরাই প্রতিটি দলের তৈরি প্ল্যাটফর্ম ব্যবহার করে কার্যকারিতা যাচাই করেন। উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে বাংলাদেশের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
দলটির তথ্য অনুযায়ী, ‘ক্লজচেইন’ বর্তমানে ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে পারে। ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালা থেকে প্রক্রিয়াজাত করা হয়েছে ১ লাখ ৫৪ হাজারের বেশি আইনি ধারা। বিডিরেনের ডেটা সেন্টারের কম্পিউটিং সুবিধা কাজে লাগিয়ে বিদেশি বাণিজ্যিক এআই সেবা বা এপিআইয়ের ওপর নির্ভর না করেই প্রকল্পটি তৈরি করা হয়েছে।
নাফিউয়ের এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তাঁর সাবেক শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেন উকিল জানান, নাফিউ ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পাশাপাশি এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
নাফিউয়ের নেতৃত্বে বাংলাদেশের এই অর্জন দেশের প্রযুক্তি খাতের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নওগাঁর বদলগাছীর পরিচিতি আরও উজ্জ্বল করেছে তাঁর এই কৃতিত্ব।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত