বিশেষ প্রতিনিধি:
গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন মুক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের একুতা (গান্দির টেংক) এলাকায় চিহ্নিত মাদক কারবারি কমল (৩৭)-এর মাদকের রমরমা কারবারে পুরো এলাকার শান্তিশৃঙ্খলা ধসে পড়েছে। দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবা ও গাঁজার পাইকারি এবং খুচরা ব্যবসা চালিয়ে যাওয়ার ফলে স্থানীয় যুবসমাজ আজ ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাবে এলাকায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।
স্থানীয় সূত্রে জানা যায়, একুতা এলাকার নুরু ওরফে 'চুরা নুরু'-এর ছেলে কমলের গড়ে তোলা মাদকের বিশাল সিন্ডিকেটের কারণে এলাকার তরুণ ও উঠতি বয়সের যুবকরা মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এসব আসক্ত যুবকরা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই ও রাহাজানির মতো অপরাধে।
গ্রামবাসীর অভিযোগ—বাসাবাড়ির টিউবওয়েল, সাইকেল, মোবাইল ফোন, হাঁস-মুরগি থেকে শুরু করে দোকানপাটের মালামাল চুরি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সন্ধ্যায় বা রাতে রাস্তায় পথচারীদের একা পেলেই ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে। এলাকার প্রতিটি পরিবারে এখন চরম আতঙ্ক ও অশান্তি বিরাজ করছে।
প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বিক্রি করে কামাল নিজের অবস্থান পোক্ত করেছেন। অভিযোগ রয়েছে, অবৈধ আয়ের এই বিশাল অর্থ ছিটিয়ে এলাকার কিছু পাতিনেতা ও প্রভাবশালীদের হাতে রেখে কামাল তার অপকর্ম নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধামকির মুখে পড়তে হয় সাধারণ মানুষদের। আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে পরিচালিত এই মাদক সম্রাজ্য এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
কমলের এই বেপরোয়া কাণ্ডে গান্দির টেংক ও একুতা গ্রামের সাধারণ মানুষ আজ চরমভাবে বিক্ষুব্ধ ও ক্ষিপ্ত। যেকোনো মুহূর্তে এই গণ-অসন্তোষ বড় ধরনের সামাজিক বিস্ফোরণে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এলাকাবাসীর স্পষ্ট দাবি—যুবসমাজকে রক্ষায় এবং এলাকার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এই চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে আর কোনো শিথিলতা প্রদর্শন নয়।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি ও প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। কালবিলম্ব না করে অবিলম্বে কমলের মাদক নেটওয়ার্ক গুড়িয়ে দিয়ে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন সর্বস্তরের গ্রামবাসী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

মতামত