মাওলানা আল আমিন বলেন, “আমি দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না, ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা, স্বচ্ছতা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেব।”
নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, এক প্রার্থীর অনুসারীরা অন্য প্রার্থীকে মানহানি করার উদ্দেশ্যে ফেক আইডি খুলে বিভিন্ন আজগুবি, মিথ্যা ও বানোয়াট কথা ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি মনে করেন।
এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাওলানা আল আমিন বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। তাই ফেক আইডি দিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি না করে জনকল্যাণমূলক কাজে মনোযোগ দিন।”
নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়নকে শোষণমুক্ত করতে এবং মানবকল্যাণে কাজ করতে চান। একই সঙ্গে ইউনিয়ন থেকে মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
মাওলানা আল আমিন আরও বলেন, নির্বাচনে চেয়ারম্যান হতে পারলে মানুষের সেবা করা আরও সহজ হবে। তবে নির্বাচিত না হলেও তাঁর মানবসেবামূলক কার্যক্রম বন্ধ হবে না। ‘আল আমিন মানবসেবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করবেন এবং হতদরিদ্র মানুষের পাশে থাকবেন।
তিনি বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত না হলেও বর্তমানে যেভাবে মানুষের কল্যাণে দান-অনুদান দিয়ে আসছি, আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও সেই কার্যক্রম চালিয়ে যাব। মানুষের সেবা করার জন্য নির্বাচনে জয়ী হওয়াই একমাত্র পথ নয়। তবে চেয়ারম্যান হতে পারলে মানুষের কাছে থেকে আরও সহজে ও ব্যাপকভাবে সেবা করার সুযোগ পাব।”
মাওলানা আল আমিন কামিল (হাদিস) পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ। তাঁর পিতা আবদুল জব্বার এবং মাতা রাজিয়া খাতুন। মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যে তিনি ‘আল আমিন মানবসেবা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর ঘোষিত অঙ্গীকার ও মানবসেবামূলক উদ্যোগগুলো এখন তাঁর প্রার্থিতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে এসেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত