আসন্ন ১১ নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বকুল মিয়া। বিগত নির্বাচনের পরাজয়কে ইতিবাচক হিসেবে গ্রহণ করে গত কয়েক বছর ধরে নিরবচ্ছিন্নভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
সম্প্রতি দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি বিগত নির্বাচন নিয়ে তার অনুভূতির কথা জানান। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বকুল মিয়া বলেন, "বিগত নির্বাচনে আমি প্রচারণায় কিছুটা দেরিতে নেমেছিলাম। হয়তো আমার নিজেরই কিছু অজানা ভুল ছিল। আপনারা যাকে ভালো মনে করেছেন, তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।"
পরাজিত হওয়ার পরেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি আনন্দিত হয়েছিলেন জানিয়ে বলেন, "মানুষ যে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাতেই আমি খুশি ছিলাম। জনগণের রায়কে মাথা পেতে নিয়ে নির্বাচনের পরদিনই আমি নতুন করে আপনাদের সেবা করার শপথ নিই এবং বর্তমান নির্বাচনের ঘোষণা দিয়ে রাখি।"
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত নির্বাচনে হেরে যাওয়ার পর সাধারণত প্রার্থীরা হতাশ হয়ে মাঠ ছাড়লেও বকুল মিয়া ছিলেন ব্যতিক্রম। তিনি নির্বাচনের পরদিন থেকেই সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। কোনো পদ বা ক্ষমতা ছাড়াই তিনি মানুষের সুখে-দুঃখে এবং বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন।
বকুল মিয়ার এমন বিনয়ী আচরণ ও দীর্ঘদিনের জনসংযোগ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় এক ভোটার বলেন, "যিনি পরাজয় মেনে নিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগে খুশি হতে পারেন এবং বছরের পর বছর মানুষের খোঁজখবর রাখেন, তিনিই প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য।"
আসন্ন নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী মোহাম্মদ বকুল মিয়া বলেন, "আমি শুধু চেয়ারের জন্য আসিনি, এসেছি মানুষের সেবক হতে। নির্বাচিত হলে দানাপাটুলী ইউনিয়ন পরিষদকে সবার জন্য উন্মুক্ত করবো এবং একটি দুর্নীতিমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলবো।" তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

মতামত