চিরিরবন্দরে টাপেন্টাডলসহ দুইজন আটক, প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কোণপাড়া বাঁধসংলগ্ন শ্যামলের লিচুর বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কোণপাড়া বাঁধের ওপর দুই ব্যক্তিকে টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনরত অবস্থায় আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে আটক মোঃ জীবন রানা (২৩), পিতা—মোঃ সাজেদুর রহমান, সাং—ঝাজিরাপাড়া এবং মোঃ ফিরোজ আহম্মেদ (২৮), পিতা—মোঃ মোস্তাকিম আলী, সাং—চকনারায়ণপুর, থানা—দিনাজপুর কোতোয়ালী, জেলা—দিনাজপুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট বিধানে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি ১টি পাইপ ও ১টি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত