সমাজে সম্মানিত ও পরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে এমন অপতৎপরতার অভিযোগ উঠছে। চেয়ারম্যান পদপ্রার্থী, রাজনৈতিক নেতা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যেন এসব অপতৎপরতার আশঙ্কা থেকে মুক্ত নন।
ভুয়া পরিচয়ের আড়ালে কখনো ব্যক্তির ছবি ও পরিচয় ব্যবহার, কখনো ফেসবুক পোস্টে অশালীন মন্তব্য, আবার কখনো উদ্দেশ্যপ্রণোদিত ও আপত্তিকর বক্তব্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যাঁরা সমাজে নেতৃত্ব দেন, শিক্ষা-সংস্কৃতি ও ধর্মীয় অঙ্গনে দায়িত্ব পালন করেন কিংবা মানুষের অধিকার ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাঁদেরও ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে; কিন্তু তার জেরে কারও সম্মান ও সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা কোনোভাবেই সভ্য সমাজের পরিচয় হতে পারে না।
বাংলাদেশে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর আইনগত কাঠামো রয়েছে। বর্তমানে প্রচলিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ সাইবার স্পেসে সংঘটিত বিভিন্ন অপরাধের বিষয়ে বিধান রাখা হয়েছে।
আইনের ২১ ধারায় সাইবার স্পেসে জালিয়াতি এবং ২২ ধারায় সাইবার স্পেসে প্রতারণার অপরাধ ও দণ্ডের বিধান রয়েছে। ২২ ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ ছাড়া ২৫ ধারায় ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি ও নির্দিষ্ট ধরনের অশ্লীল বা ক্ষতিকর উপাদান প্রকাশের অপরাধের বিধান রয়েছে। এসব অপরাধের ধরন অনুযায়ী শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে, কারও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য প্রকাশের ক্ষেত্রে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ও ৫০০ ধারার বিধানও প্রাসঙ্গিক হতে পারে।
তবে শুধু ভুয়া আইডি ব্যবহার করলেই প্রতিটি ক্ষেত্রে একই আইনে অপরাধ প্রমাণিত হয় না। সংশ্লিষ্ট কর্মকাণ্ড, উদ্দেশ্য, প্রমাণ ও ঘটনার প্রকৃতি বিবেচনায় আইনগত বিধান নির্ধারিত হবে।
কিশোরগঞ্জের সচেতন নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠছে, সামাজিক যোগাযোগমাধ্যম কি মানুষের সম্মানহানির মঞ্চ হয়ে উঠবে? ভিন্নমত প্রকাশের অধিকার যেমন সবার রয়েছে, তেমনি প্রত্যেক মানুষের ব্যক্তিগত সম্মান ও মর্যাদা রক্ষার অধিকারও রয়েছে।
এ ধরনের অপতৎপরতা বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ, ভুয়া আইডির বিরুদ্ধে সচেতনতা এবং ডিজিটাল অপরাধ সম্পর্কে আইনগত জ্ঞান বৃদ্ধি করা জরুরি।
কোনো ভুয়া আইডির মাধ্যমে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পোস্ট, মন্তব্য, লিংক ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে অনুমাননির্ভরভাবে কারও নাম প্রকাশ কিংবা পাল্টা অপপ্রচার থেকে বিরত থাকা উচিত।
মনে রাখতে হবে, একটি মিথ্যা মন্তব্য কিংবা উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট একজন মানুষের দীর্ঘদিনের অর্জিত সম্মান ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। মতের অমিল থাকলেই কাউকে অপমান করার অধিকার জন্মায় না।
কিশোরগঞ্জের সামাজিক মর্যাদা, সম্প্রীতি ও সুস্থ পরিবেশ রক্ষায় ভুয়া আইডির অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। পরিচয় গোপন করে অন্যের সম্মানহানি নয়, সামাজিক যোগাযোগমাধ্যম হোক সত্য, শালীনতা ও দায়িত্বশীল মতপ্রকাশের জায়গা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত