মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারী
ডালিয়া মাদরাসায় শিশু নির্যাতন, শিক্ষক আজিজুলের বিচার চায় এলাকাবাসী
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ডালিয়া চেয়ারম্যান পাড়া জান্নাতুল মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক আজিজুল ইসলামের বিরুদ্ধে।
গুরুতর আহত ছাত্র মোঃ রায়হান ইসলাম (১০), সে ঝুনাগাছ চাপানী এলাকার মোঃ আতোয়ার রহমানের ছেলে। বর্তমানে সে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে হেফজ বিভাগের ছাত্র রায়হান সহপাঠী বন্ধুর সঙ্গে কথা বলছিল। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক আজিজুল ইসলাম লাঠি দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে বেধড়ক মারধর করেন। আঘাতে পা ফুলে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়।
পরে তীব্র ব্যথায় কাতরাতে থাকলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক জানান, সময়মতো ব্যবস্থা না নিলে ইনফেকশন ছড়িয়ে পড়বে। পরে অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করে স্থানটি ওয়াশ করা হয়। বর্তমানে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না।
পরিবারের আর্তনাদ: রায়হানের মা রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছেলে শুধু বন্ধুর সঙ্গে কথা বলেছিল, এটাই তার অপরাধ? শিক্ষক এভাবে পিটিয়ে আমার সন্তানকে পঙ্গু করে দিল।"
বাবা আতোয়ার রহমান বলেন, "আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।"
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলামের মোবাইল বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত