হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অভিনব প্রতারণার অভিযোগে আরিফ মিয়া নামের এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দীর্ঘদিন ধরে তিনি আসল চিকিৎসকের নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আরিফ মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে নিবন্ধিত ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। কিন্তু অনুসন্ধানে জানা যায়, তিনি মূলত ডা. মীর মাহবুব রহমানসহ অন্য কোনো প্রকৃত চিকিৎসকের নাম, পরিচয় ও চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) জালিয়াতি করে হবিগঞ্জসহ বিভিন্ন এলাকার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যেমন ছিনিমিনি খেলছিলেন, তেমনি দীর্ঘদিন ধরে আর্থিকভাবেও প্রতারণা করে আসছিলেন।
অভিযানের বিষয়ে এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর জানান, অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শায়েস্তানগর এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর ডায়াগনস্টিক সেন্টার ও স্থানীয় সূত্রে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবার মতো একটি সংবেদনশীল খাতে এ ধরনের ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় এ ধরনেরভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত