চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া বিশ্বরোড এলাকায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কড়ইয়া বিশ্বরোডের জাগরণী চক্র ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী জমির মালিক মোতালেব জানান, তিনি আবুল বাশারের কাছ থেকে আড়াই শতক জমি ক্রয় করেছেন। জমি ক্রয়ের পর বিক্রেতা তাকে জমি বুঝিয়ে দিয়েছেন এবং তিনি বর্তমানে সেখানে দখলে রয়েছেন। তার দাবি, "আমার ক্রয়কৃত সম্পত্তির দলিল ও খারিজ সব কাগজপত্রই আমার কাছে আছে।"
তিনি অভিযোগ করে বলেন, পাশের জমির মালিক আবু ইউসুফের লোকজন তার দখলীয় জায়গায় এসে জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অপরদিকে আবু ইউসুফের স্ত্রী রুমি বেগম দাবি করেন, আবুল বাশার তাদের কাছে ওই জমি বিক্রি করবেন বলে টাকা নিয়েছিলেন। তবে টাকা লেনদেনের কোনো প্রমাণ তাদের কাছে নেই বলে তিনি স্বীকার করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুফ জমিটি দাবি করলেও তার কাছে কোনো দলিল বা বায়না সংক্রান্ত কোনো বৈধ প্রমাণাদি নেই।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত