চিরিরবন্দরে টাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের জনৈক আজিমুদ্দিনের বাঁশঝাড়ের ভেতর এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযান দল এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট দখলে রাখা ও সেবনের অভিযোগে মোঃ মাহবুব ইসলাম (৪০), মোঃ মান্না ইসলাম (২৬) ও মোঃ জীবন হোসেন (২৪)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের পর বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মোঃ মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুই আসামি মোঃ মান্না ইসলাম ও মোঃ জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি ৩টি পাইপ ও ৫টি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক মাহবুব ইসলাম ও মান্না ইসলাম চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের বাসিন্দা। অপর আসামি জীবন হোসেন দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত