যে বয়সে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকার কথা, সে বয়সে ঘরের চার দেয়ালে বন্দি ১০ বছরের সিয়াম ও ১২ বছরের রিয়া আক্তার। শারীরিক প্রতিবন্ধকতা তাদের শৈশব কেড়ে নিয়েছে।
শুধু সিয়াম-রিয়া নয়, একই পরিবারের চার সদস্যই প্রতিবন্ধী। তাদের মা কোহিনূর বেগম জন্মগত বাকপ্রতিবন্ধী, কথা বলতে পারেন না। বাবা মাহিন উদ্দিন (৩৮) নিজেও শারীরিক প্রতিবন্ধী। তারপরও অটোরিকশা চালিয়ে কোনোমতে সংসারের হাল ধরে রেখেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন উদ্দিন প্রতিদিন নিয়মিত অটো চালাতে পারেন না। শরীরের সীমাবদ্ধতার কারণে তার আয় খুবই সামান্য। সেই সামান্য আয় দিয়ে চারজনের খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। সন্তানদের চিকিৎসা, ওষুধ ও পড়াশোনা তাদের কাছে বিলাসিতার মতো।
বাকপ্রতিবন্ধী মা কোহিনূর বেগম কথা বলতে না পারলেও সন্তানদের আগলে রেখেছেন মমতা দিয়ে। নিজের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছেন প্রতিদিন।
প্রতিবেশীরা জানান, প্রতিবন্ধী ভাতার সামান্য টাকায় চারজনের সংসার চলে না। পুষ্টিকর খাবার ও চিকিৎসার অভাবে শিশু দুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তারা সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে মাহিন উদ্দিন বলেন, "আমি নিজেও প্রতিবন্ধী। কোনোভাবে অটোরিকশা চালিয়ে সংসার চালাই। সবসময় গাড়ি চালাতে পারি না। স্ত্রী কথা বলতে পারে না, ছেলে-মেয়েও প্রতিবন্ধী। অনেক সময় খাবারের কষ্টে দিন কাটে। মানুষের সহযোগিতা পেলে সন্তানদের জীবনটা একটু ভালোভাবে চালাতে পারব।"
এই পরিবারটির জন্য সামান্য সহযোগিতাই পারে তাদের মুখে হাসি ফোটাতে।
সাহায্য পাঠাতে: বিকাশ/নগদ - 01827326738 (মাহিন উদ্দিন)

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত