মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে চার মাস বয়সী এক শিশুকে ঘুমন্ত অবস্থায় নিয়ে গিয়ে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে শিশুটির মামা জিয়ারুল ইসলামের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় জিয়ারুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে চার মাস বয়সী শিশু মাহিন ইসলামকে ঘুমন্ত অবস্থায় নিয়ে যান তার মামা জিয়ারুল। পরে শিশুটিকে দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর নিউ টাউন এলাকার মাতা সাগর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মিলন নামে এক ব্যক্তির কাছে শিশুটিকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।
শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ৯৯৯ নম্বরে ফোন করা হলে দিনাজপুর সদর থানা ও পার্বতীপুর মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়।
মমিনপুর ইউনিয়নের সদস্য দুলাল জানান, পরে দিনাজপুর সদর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় মাতা সাগর এলাকার মিলনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়।
এদিকে শিশুটির মা ও নানির সন্দেহ হলে তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন, শিশুটির মামা জিয়ারুল ইসলামই শিশুটিকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় গত ৫ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জিয়ারুলকে আটক করা হয়। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, শিশুটির মা মনিরা কয়েকদিন ধরে শিশুটিকে নিয়ে চন্দ্রপুর গ্রামে তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। গত ৪ অক্টোবর শিশুটিকে তার মামা জিয়ারুল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ওসি আরও জানান, শিশুটিকে চুরি ও পাচারের অভিযোগে জিয়ারুল ইসলাম, মিলনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর-৬।
পুলিশের দাবি, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ওসি।
এ ঘটনায় শিশুটিকে উদ্ধারের পর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরলেও, চার মাসের শিশুকে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত