আশুলিয়ায় শারমিন গ্রুপের মার্চেন্ডাইজার রহস্য জনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা করা হয়েছে।
ঢাকার আশুলিয়ায় শারমিন গ্রুপের বহুতল ভবন থেকে পড়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিন শিহাবের (৩৯) মৃত্যুর ঘটনায় রহস্যের জট খুলছে না। সিসিটিভি ফুটেজে ভবন থেকে লাফ দেওয়ার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের পরিবার ও সহকর্মীদের বক্তব্যেও উঠে এসেছে নানা প্রশ্ন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত শারমিন গ্রুপ থেকে আহত অবস্থায় জামাল উদ্দিন খান শিহাবকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত জামাল উদ্দিন খান শিহাব গাজীপুর সদরের বুরুলিয়া ডুয়েট এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি শারমিন গ্রুপের ডিভিশন-৩-এর সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, কারখানার অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিহতের ভাই পরিচয়ে ফখরুল হাসান নামে এক ব্যক্তি জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে জামাল ভবন থেকে লাফিয়ে মারা গেছেন বলে জানানো হয়। তার দাবি, জামালের ছোট সন্তান রয়েছে এবং তিনি প্রতিষ্ঠিত কর্মকর্তা ছিলেন। তাই আমাদের পক্ষে তার আত্মহত্যার বিষয়টি মেনে নেওয়া কঠিন। কারখানার ভেতরের লোকজন ঘটনাটি আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নিহতের স্ত্রী নাহার আক্তার বৃষ্টি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে জামাল তাকে কারখানায় কিছুটা ঝামেলা হওয়ার কথা জানিয়েছিলেন। বুধবার সকালেও তাদের কথা হয়। তখন জামাল মালিকের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে দাবি তার।
স্ত্রী তাকে অফিসে যেতে নিষেধ করলেও জামাল আশঙ্কা করেছিলেন, অফিসে না গেলে তাকে ফাঁসানো হতে পারে। পরে অফিসে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর একজন ফোন ধরে তাকে অসুস্থ বলে হাসপাতালে নেওয়ার কথা বলে। পরে তারা জামালের মৃত্যুর খবর পান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জামালের মৃত্যুর পেছনে কী ঘটেছে, তা নিয়ে কারখানার ভেতরে নানা প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ভবন থেকে পড়ে যাওয়া, লাফ দেওয়া কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। ঘটনার আগে জামাল প্রায় ৪০ মিনিট কোথায় ছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ওই কর্মকর্তা। তার দাবি, ঘটনার পর কারখানায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি নিশ্চিত কোনো তথ্য দেননি।
ঘটনাস্থলে প্রাথমিক সুরতহালকারী আশুলিয়া থানার এসআই ফাহিম বলেন, নিহতের হাত-পা ভেঙে গিয়ে থাকতে পারে। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলেও জানান তিনি।
কর্তৃপক্ষের চাপ বা তদবিরের বিষয়ে জানতে চাইলে এ নিয়ে প্রকাশ্যে বলার মতো কোনো তথ্য বা মন্তব্য নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে সিসিটিভি ফুটেজে জামালকে লাফ দিতে দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি। প্রকৃত ঘটনা তদন্ত শেষে জানা যাবে বলেও জানান এসআই ফাহিম।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে নরসিংহপুরে শারমিন গ্রুপের প্রধান ফটকে গেলে নিরাপত্তা ইনচার্জ নজরুল ও নিরাপত্তাকর্মী আল আমিন প্রবেশের তালিকায় নাম না থাকায় ভেতরে ঢুকতে দেননি। তালিকায় নাম থাকলেই প্রবেশের সুযোগ মিলবে বলে জানান তারা।
পরিবারের অভিযোগ, সহকর্মীদের বক্তব্য এবং পুলিশের প্রাথমিক তথ্যের মধ্যে তৈরি হওয়া প্রশ্নগুলোর উত্তর এখন তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত