মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ।
এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সম্পাদক হাকিম মো. ফজলুর রহমান, বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাজন আহমেদ পাপন, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান, বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব, করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান বিপ্লব এবং পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব ও শ্যামবাজারের জেলা প্রতিনিধি মো. আফসার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সকালের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার ফায়জুল ইসলাম, সরেজমিন বার্তার কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক ফাহিম, মানবাধিকারকর্মী ফরিদ উদ্দিন, এসকে বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল, দৈনিক উন্নয়নের বাংলাদেশের প্রতিনিধি সোহেল মিয়া, দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এফএম আব্বাস উদ্দিন, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল মিয়া, দৈনিক জনতার প্রতিনিধি মিজানুর রহমান, জনতার শক্তির প্রতিনিধি সুজন মিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক যৌথ বিবৃতিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
বিবৃতিতে তাঁরা বলেন, একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা অত্যন্ত নৃশংস ঘটনা। এ হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বিএমইউজের কেন্দ্রীয় নেতারা তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধী এবং পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া; এবং মফস্বলসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রাপ্ত তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোণার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি একটি বেসরকারি আইপি টেলিভিশনে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
মানববন্ধনে সাংবাদিক নেতারা নিহত আলিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত