ঝিনাইদহে সরকারি প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দায়ের হওয়া কথিত চাঁদাবাজি মামলায় কারাগারে থাকা সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনের জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান।
জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন। আদালতের নির্দেশে জব্দকৃত মোবাইল ফোনের পাসওয়ার্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার একই ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের এক প্রভাবশালী বিএনপি নেতার ঘনিষ্ঠ ঠিকাদার রোকনুজ্জামানের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে সাংবাদিক অরিত্র কুন্ডুকে জেলখানায় কনডেম সেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা সেলে রাখা হয়েছে। বন্দীদের সাথে রাখলে ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, "গত দুই-তিন দিন ধরে অরিত্রের সঙ্গে যা হচ্ছে তা বাড়াবাড়ি। ঝিনাইদহের সাংবাদিকদের এ বিষয়ে মুখ না খুলতে প্রশাসন ও রাজনৈতিক মহল থেকে নিষেধ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অরিত্রর বিরুদ্ধে আরও কঠিন মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।"
তিনি আরও বলেন, এই বিষয়ে আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং মামলাটি বিএমএসএফ এর পক্ষ থেকে আইনিভাবে পরিচালনা করা হতে পারে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত