সিলেট বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে ২২ ঘনফুট আকাশমণি কাঠ এবং একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়।
গত ১ নভেম্বর দিবাগত রাত ২:০০টার দিকে স্থানীয় উপকারভোগীদের সহযোগিতায় এই সফল অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার বাসিন্দা মো. খোকন মিয়া (৩৩) এবং সুমন মিয়া (৩০)।
বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা (সিলেট বন বিভাগ) ও সহকারী বন সংরক্ষক, হবিগঞ্জ মহোদয়গণের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কিশোর রায় এবং ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলাম।
এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, সংরক্ষিত বনের সুরক্ষা ও অবৈধ দখলদারিত্ব রোধে বন বিভাগের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটককৃত দুই আসামির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত