মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর-২০২৬ খ্রিস্টাব্দ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার আরও বলেন, জেলার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত